আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্র্বতীকালীন সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এর আগে আজ (২৫ ফেব্রুয়ারি) সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আসেন আহসান এইচ মনসুর। এর মধ্যেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন তথ্য ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
চলে যাওয়ার সময় নতুন গভর্নরের নিয়োগ ও তার পদত্যাগের বিষযয়ে সাংবাদিকরা জানতে চাইলে আহসান মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি, আমাকে অপসারণও করা হয়নি। তবে গণমাধ্যমে আমি (খবর) দেখেছি। তাই আমি বাড়ি চলে যাচ্ছি।’ আর কিছু বলেননি তিনি।
নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ও হিরা সোয়েটারের মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন।
২০২৪ সালের মে মাসে তিনি অতিরিক্ত পরিচালক পদ থেকে পরিচালক হিসেবে পদোন্নতি পান। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে মোস্তাকুর রহমান খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে স্থাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯১ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ করেন। ৩০ বছরের বেশি সময় ধরে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন।
পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনে সদস্য ছিলেন মোস্তাকুর রহমান। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে গত বছরের জুলাই থেকে কাজ করে আসছিলেন তিনি। তিনি ১৯৯৮-২০০০ মেয়াদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্ষদ সদস্য ছিলেন।
মোস্তাকুর রহমান রিহ্যাব ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সদস্য।
অর্থ-বাণিজ্য: আহসান এইচ মনসুরের বিদায়, নতুন গভর্নর মোস্তাকুর রহমান
সারাদেশ: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু