যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো চিঠি ঢাকা পায়নি। তবে উদ্ভূত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি আশ্বস্ত করেন।
চুক্তি বাস্তবায়নের জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তির বিষয়টি এখন একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আদালতের রায়ের ফলে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখনো বিকাশমান।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা গোপনীয়তা রক্ষা চুক্তি রয়েছে। চুক্তিটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত প্রকাশে সীমাবদ্ধতা থাকলেও তিনি জানান, আগে যেখানে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ ছিল, এখন তা সব দেশের জন্য ১০ শতাংশ করা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশ থেকে পণ্য আমদানির মাধ্যমে সরকার বর্তমানে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সেই পণ্যগুলোর দাম এখন স্থিতিশীল রয়েছে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, রোজার শুরুতে লেবুর দাম অস্বাভাবিকভাবে বাড়লেও তিন দিনের মাথায় তা আবার কমে এসেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
সম্প্রতি টিসিবির ট্রাক ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য ট্রাক সেলের সঙ্গে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এ ছাড়া সড়ক ও বাজারে চাঁদাবাজি বন্ধের বিষয়ে কোনো ফাঁকা আশ্বাস না দিয়ে বরং কাজের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
অর্থ-বাণিজ্য: আহসান এইচ মনসুরের বিদায়, নতুন গভর্নর মোস্তাকুর রহমান
আন্তর্জাতিক: উপহার বিতর্কে জাপানের প্রধানমন্ত্রী