বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনের বিষয়টিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু বাংলাদেশ ব্যাংকেই নয়, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবর্তন আনা হচ্ছে এবং প্রয়োজনের খাতিরে এই ধারা অব্যাহত থাকবে।
সচিবালয়ে নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে আলাপকালে সাংবাদিকদের পক্ষ থেকে গভর্নর পরিবর্তনের কারণ জানতে চাওয়া হয়। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, এখানে বিবেচনার চেয়ে বড় বিষয় হলো নতুন সরকারের অগ্রাধিকার। একটি নতুন সরকার যখন দায়িত্ব নেয়, তখন তাদের নিজস্ব কিছু কর্মসূচি ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। সেই লক্ষ্য ও নীতিগত চিন্তা-ভাবনা বাস্তবায়নের স্বার্থেই প্রশাসনে এই ধরনের রদবদল করা হয়। এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে একটি নিয়মিত বিষয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন সরকারের নিজস্ব কিছু পছন্দ এবং পলিসি রয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের গৃহীত কর্মসূচিগুলো সঠিকভাবে এগিয়ে নিতে যেখানে পরিবর্তন প্রয়োজন, সেখানে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি স্পষ্ট করে বলেন, পরিবর্তন কেবল কেন্দ্রীয় ব্যাংকেই সীমাবদ্ধ নেই, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং সামনের দিনগুলোতেও প্রয়োজন অনুযায়ী আরও পরিবর্তন আসতে পারে।
এর আগে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মোস্তাকুর রহমানকে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা ওই আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তানুযায়ী তিনি কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলো তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেড় বছরের মাথায় তাকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দিলো বর্তমান সরকার। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির
সারাদেশ: তিন দিনের আয়োজন এবার হবে এক দিনে
সারাদেশ: জীবননগরে ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল