image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে দিনভর যা ঘটল

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে। তার বদলে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে মো. মোস্তাকুর রহমানকে। ঘটনাটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

দিনশেষে বিকেলে সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।সাংবাদিকদের প্রশ্ন ছিল তার কাছে, কোন বিবেচনায় গভর্নর পরিবর্তন করা হয়েছে?

জবাবে অর্থমন্ত্রী বলেন, “বিবেচনার তো কিছু নেই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের অগ্রাধিকার আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি। এটা অনেক জায়গায় হচ্ছে। হতেই থাকবে।”

অর্থমন্ত্রী আরও বলেন, “নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে আর যে চিন্তাভাবনা আছে- সেগুলো বাস্তবায়নে যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন হবে।” মন্ত্রী আরও জানান, পরিবর্তন আরও হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে।

চলতি মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়। তাকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর নিযুক্ত করা হয়।

বিকেল পৌনে চারটায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ জন্য দুটি প্রজ্ঞাপন জারি করে। একটিতে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। দ্বিতীয়টিতে মো. মোস্তাকুর রহমানকে সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আসেন আহসান এইচ মনসুর। এর মধ্যেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন তথ্য ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

চলে যাওয়ার সময় নতুন গভর্নরের নিয়োগ ও তার পদত্যাগের বিষযয়ে সাংবাদিকরা জানতে চাইলে আহসান মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি, আমাকে অপসারণও করা হয়নি। তবে গণমাধ্যমে আমি (খবর) দেখেছি। তাই আমি বাড়ি চলে যাচ্ছি।’ আর কিছু বলেননি তিনি।

নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ও হিরা সোয়েটারের মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন।

২০২৪ সালের মে মাসে তিনি অতিরিক্ত পরিচালক পদ থেকে পরিচালক হিসেবে পদোন্নতি পান। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি