যোগদান করলেন নতুন গভর্নর
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে আগের দিনে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর নিয়োগ দেওয়া হয় ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে। দায়িত্ব পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর।
বেলা ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা। নতুন গভর্নর এলিয়ন সিরিজের এ-১৫ মডেলের গাড়িতে চড়ে কর্মস্থলে আসেন।
উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে গভর্নর মোস্তাকুর রহমান উত্তরে বলেন, “আগে কাজ করি তারপরে কথা বলব। যোগদান করি...।”
কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান বলে জানান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। দায়িত্ব নেওয়ার দিন থেকেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
নতুন গভর্নরের কাছে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বড় প্রত্যাশা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এর আগে অর্থনীতিবিদ, সাবেক আমলা ও শিক্ষকদের মধ্যে থেকে গভর্নর নিযুক্ত হলেও এবারই প্রথম কোনো এক ব্যবসায়ীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। একসময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ, আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
মোস্তাকুরের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ করেন।
৩০ বছরের বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন। বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে কাজ করে আসছিলেন।
মোস্তাকুর ১৯৯৮-২০০০ মেয়াদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্ষদ সদস্য ছিলেন। রিহ্যাব ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সদস্য।
নগর-মহানগর: শহিদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নবনিযুক্ত আইজিপির
অর্থ-বাণিজ্য: ‘আগে কাজ করি তারপরে কথা বলব’
নগর-মহানগর: ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য
অপরাধ ও দুর্নীতি: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম
সংস্কৃতি: অমর একুশে বইমেলা অবশেষে শুরু আজ