মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা রয়েছে। জ্বালানি সাশ্রয়ে নানা নির্দেশনা দিচ্ছে সরকার। এই প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম যেকোনো সময় বেড়ে যেতে পারে ‘শঙ্কায়’ অতিরিক্ত তেল কিনে রাখছেন অনেক যানবাহন মালিক। একই অবস্থা মোটরসাইকেল চালকদেরও।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর চৌধুরী পাড়া, মালিবাগ, রাজারবাগ, রমনা, পরিবাগ, মহাখালীসহ বিভিন্ন এলাকা পাম্পগুলোতে এই দৃশ্য দেখা গেছে।
জ্বালানি নিতে আসা অনেকেই বলেছেন, তেলের দাম বেড়ে যেতে পারে এমন ধারণায় তারা ট্যাংক ফুল করে রাখছেন।
একাধিক পাম্প ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বালানির দাম বাড়বে এমন কোনো আভাস তাদের কাছে নেই। অনেকে হুজুগে পড়ে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন।
এক পাম্পকর্মী সংবাদকে বলেন, অনেকে সঙ্গে করে প্লাস্টিকের বোতল, গ্যালন নিয়ে আসছেন তেল নেয়ার জন্য। তবে সাধারণ মানুষের কাছে এভাবে তেল বিক্রির নিয়ম না থাকায় তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।