image

উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বাড়লো

নিজস্ব বার্তা পরিবেশক

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১ জ্বালানির দাম ১৮ শতাংশ বাড়িয়ে প্রতি লিটারে ১১২.৪১ টাকা (শুল্ক ও মূসকসহ) নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে প্রতি লিটারের দাম ছিল ৯৫ দশমিক ১২ টাকা।

আর, দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১৯ শতাংশ বাড়িয়ে ধরা হয়েছে ০.৭৩৮৪ মার্কিন ডলার (শুল্ক ও মূসকমুক্ত)। ফেব্রুয়ারি মাসে এই জ্বালানির দাম ছিল ০.৬২ মার্কিন ডলার।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম (প্লাটস রেইট), মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তন বিবেচনা করে মার্চ মাসের জন্য এই ‘সমন্বয়’ করা হয়েছে। নতুন এই মূল্যহার রোববার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

রোববার ঢাকার রমনায় বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেট ফুয়েল বা এভিয়েশন ফুয়েলের দাম নির্ধারনের ক্ষেত্রে বিইআরসি আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি এবং ‘বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ’ করে কমিশন।

কমিশন জানায়, গত ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাজার দর ও এলসি সেটেলমেন্ট রেট পর্যালোচনার পর এই নতুন দাম চূড়ান্ত করা হয়েছে। বিইআরসি’র ওয়েবসাইটে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ ও বিজ্ঞপ্তি দেখা যাবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি