আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখা হবে। এর ফলে ঈদের দিন ছাড়া সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। মঙ্গলবার, (১০ মার্চ ২০২৬) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনা সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে মার্চের শুরুতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউজসহ দেশের সব কাস্টমস স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানায় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
তৈরি পোশাক খাত সম্পূর্ণভাবে ফ্যাশন ও সময়ের ওপর নির্ভরশীল। বিদেশি ক্রেতাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পণ্য জাহাজীকরণ করতে ব্যর্থ হলে রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে। এতে উদ্যোক্তারা যেমন বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তেমনি দেশ হারায় মূল্যবান বৈদেশিক মুদ্রা। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে রপ্তানি বাণিজ্য টিকিয়ে রাখতে বন্দর, কাস্টমস ও ব্যাংকের নিরবিচ্ছিন্ন সহযোগিতা একান্ত প্রয়োজন বলে সংগঠনটির চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আগামী ১৭ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সব সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন, ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যক্রম চালু রাখার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছিল।
অর্থ-বাণিজ্য: ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে