image

প্রাক-বাজেট আলোচনা শুরু ৩১ মার্চ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা শুরু হবে আগামী ৩১ মার্চ। প্রথম দিন টেলিভিশন চ্যানেল মালিকদের সমিতি (অ্যাটকো) ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আলোচনায় অংশগ্রহণ করবে। প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। গতকাল বৃহস্পতিবার এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীর দপ্তর থেকে সংগঠন দুটির কাছে পাঠানো আমন্ত্রণপত্র সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচনায় অংশগ্রহণের জন্য এনবিআরের প্রথম সচিব (কাস্টমস: অটোমেশন) ও প্রধান বাজেট সমন্বয়কারী এস এম শামসুজ্জামান বৃহস্পতিবার সংগঠন দুটির কাছে চিঠি পাঠিয়েছেন। একই দিন দুপুর আড়াইটায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রাক-বাজেট আলোচনায় অংশ নেবেন।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি নতুন বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি-বেসরকারি অংশীজনদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করে এনবিআর। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু করেছে এনবিআর। এটি নতুন সরকারের প্রথম বাজেট।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি