image

অতীতের সব রেকর্ড ভেঙে সোনার দাম প্রায় লাখ টাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের বাজারে সোনার দাম ফের বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা। এতে দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে পৌঁছেছে ধাতুটি। আগামীকাল রোববার (২ এপ্রিল) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়েছে। দেশের বাজারে এর আগে কখনো এক ভরি সোনার দাম ৯৯ হাজার টাকা হয়নি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৬৫৩ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ১২৩ টাকা করা হয়। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকা করা হয়।

এর আগে ২৪ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৬২৮ টাকা করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়। আজ শনিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

এখন সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি