নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে ভোট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম হোসেন রনি। গতকাল বুধবার সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের দয়ারামপুর বাজারে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইব্রাহিম হোসেন রনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ নানা নির্যাতন ও বঞ্চনার মধ্য দিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে ভোটাধিকার। এবার মানুষ একটি স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে ভোট দিতে চায়। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাটোর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণসমর্থন তৈরি হয়েছে। সবচেয়ে ইতিবাচক দিক হলো এলাকায় এখন পর্যন্ত প্রার্থী ও সমর্থকদের মধ্যে সহনশীল পরিবেশ বজায় রয়েছে। এই পরিবেশ ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভিন্নমত প্রসঙ্গে চাকসু ভিপি বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক পরিচয় আলাদা হলেও সামাজিক সৌহার্দ বজায় রেখে নির্বাচনমুখী হওয়াই কাম্য। আমরা চাই প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে একটি সুন্দর নির্বাচন হোক। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, উপজেলা শিবির সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, ইব্রাহিম হোসেন রনি বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ এনামুল হকের ছেলে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।