image

পুরান ঢাকায় মেস থেকে জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পুরান ঢাকার ধুপখোলা এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ওই ভবনের ছয়তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমরান নাবিল প্রামাণিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, রুমমেটদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল বলে জানান তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর পেয়ে তারা থানায় যান। ইমরান আরও দুইজনের সঙ্গে মেসে থাকতেন। তবে অন্য দুজন নির্বাচনের কারণে বাড়িতে যাওয়ায় তিনি একাই কক্ষে ছিলেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি