ভোলায় খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ছাড়া উভয়পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত মো. জামাল হাওলাদার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। তার বাবার নাম মো. মোতালেব হাওলাদার।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৫টা থেকে ভোলা সদর ভেলুমিয়া সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
পরে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ তুলে নেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামের মো. ইব্রাহিম ও মো. আলমের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে দুই পক্ষ ওই জমি দখল করতে এলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেলুমিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার উভয়পক্ষকে থামাতে গেলে তার ওপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগর-মহানগর: শহিদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নবনিযুক্ত আইজিপির
অর্থ-বাণিজ্য: ‘আগে কাজ করি তারপরে কথা বলব’
নগর-মহানগর: ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য
অপরাধ ও দুর্নীতি: যুদ্ধাপরাধের দণ্ড থেকে খালাস পেলেন আরেকজন
সংস্কৃতি: অমর একুশে বইমেলা অবশেষে শুরু আজ