image

নির্বাচনকে সামনে রেখে অভিযান, দুই জেলায় গ্রেপ্তার ১৯৮ ও ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে নাটোর ও পাবনার ঈশ্বরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৯৮ জনকে গ্রেপ্তার করেছে ও তাদের কাছ থেকে ১২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এ তথ্য জানিয়েছেন।

ডিআইজি জানান, গতকাল শুক্রবার গভীর রাত থেকে শনিবার,(২৯ নভেম্বর ২০২৫) দুপুর পর্যন্ত নাটোর জেলার নলডাঙ্গা ও সিংড়া এবং পাবনা জেলার ঈশ্বরদী অঞ্চলে এ অভিযান চালানো হয়।

অভিযানের টার্গেট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি এবং যারা পরিবেশ বিঘ্ন করতে পারে তাদের গ্রেপ্তার করা।

সন্ত্রাসী, অস্ত্রধারী এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে জেলা পুলিশ ছাড়াও আমর্ড ব্যাটালিয়ন, রেঞ্জ রিজাভফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেছে। শনিবারের অভিযানে ২ জন সর্বহারা সদস্য, ২১ জন অশন্ত্রধারী ও নিয়মিত মামলার আসামি, ৪ জন মাদক মামলার আসামি, ২১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, ২ জন সাজাপ্রাপ্ত আসামি, সন্দেহভাজন ২২ জনসহ শনিবার ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় একটি বিদেশি অস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র, এক কেজি ৮শ’ গ্রাম মাদক ও ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এর আগে আরও ২ দিন অভিযান চালানো হয়েছে।

আগের দুই দিনের অভিযানের মধ্যে একদিন ৫৮ জন ও অন্যদিন ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গুলি, গুলির খোসা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০টি মোটর সাইকেলসহ অন্যান্য সরঞ্জাম।

অভিযানের সময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহিদুল ইসলামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এভাবে বিভাগজুড়ে ১২টি বিশেষ অভিযান চালানোর টার্গেট নিয়েছে বলে বিভাগীয় ডিআইজি জানিয়েছেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি