সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যার পর ভ্যানে লাশ স্তূপ করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আগামী ৫ ফেব্রুয়ারি এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার মোট ১৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া ৮ জনকে আজ সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কারাগারে থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেনসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ বাকি ৮ আসামি এখনও পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে চরম নৃশংস হিসেবে বর্ণনা করা হয়েছে। গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য অপরাধ সংঘটিত হয় বলে শুনানিতে উঠে আসে। উভয় পক্ষের দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ শেষে আদালত আগামী বৃহস্পতিবার চূড়ান্ত এই রায় প্রদানের সিদ্ধান্ত নিলেন। গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান, তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষ করেছিলেন।