‘টাকা আত্মসাৎ’: গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত বার্তা পরিবেশক

‘প্রতারণা’ করে ১৩ লাখ টাকা নিয়ে তা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

নানা বিষয়ে বির্তক তৈরি করে বিভিন্ন সময়ে আলোচনায় আসা ‘সা রে গা মা পা’ খ্যাত এ গায়কের বিরুদ্ধে এই মামলার বাদী ‘প্রেমের সম্পর্ক তৈরি করে’ টাকা নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ আনেন।

এদিন আদালত নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার সহকারী অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম।

তিনি বলেন, ‘গায়ক নোবেল এ মামলার বাদীসহ অনেকের কাছ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করে টাকা-পয়সা নেন।

বাদী আনাননিয়া শবনম রোজ সাহস করে গত বছরের ১৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।’

এই আইনজীবী বলেন, পিবিআইয়ের এসআই নুরুজ্জামান ‘অভিযোগের সত্যতা পাওয়া গেছে’ মর্মে গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সোমবার মামলার দিন ধার্য থাকার তথ্য দিয়ে তিনি বলেন, শুনানিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার অভিযোগে বলা হয়, রোজকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণা করে নিয়ে আত্মসাৎ করে। অন্য আসামিরা এতে তাকে সহযোগিতা করে।

এর আগে ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হন নোবেল। পরে মামলার বাদীকে কারাগারে বসে বিয়ে করার পাঁচদিনের মাথায় ২৪ জুন জামিন পান তিনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি