হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ দল উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নুরুল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
আটক নুরুল আমিন (৪০) পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।