লাখ লাখ টাকার প্রতারণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর হাতিরঝিল এলাকায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জাল সনদ তৈরি এবং অর্থের বিনিময়ে প্রশিক্ষণহীন ব্যক্তিদের নির্বাচনী ডিউটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগে ৩৩০ জন ”আনসার সদস্যকে” দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী প্রস্তুতি তদারকির সময় রাজধানীর হাতিরঝিল এলাকায় বড় ধরনের এক জালিয়াতি ধরা পড়ে। অভিযোগ ওঠে, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের টিডিপি দলনেতা (তৃণমূল স্তরের নেতা, ”শহর প্রতিরক্ষা দল” অথবা Town Defence Party) মামুন ক্ষমতার অপব্যবহার করে জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করেন। এভাবে তিনি প্রশিক্ষণহীন ৩৩০ জন ব্যক্তিকে অবৈধভাবে নির্বাচনী ডিউটির তালিকায় অন্তর্ভুক্ত করেন। পরবর্তী সময়ে ডিউটি দেওয়ার নাম করে তিনি প্রত্যেকের কাছ থেকে আরও ১ হাজার ১০০ টাকা করে ”ঘুষ” গ্রহণ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আশিকউজ্জামান জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ৩৩০ জন আনসার সদস্যকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে মূল অভিযুক্ত দলনেতা মামুন বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রশ্নে ”জিরো টলারেন্স” নীতি গ্রহণ করা হয়েছে। জালিয়াতি রোধে এবার আধুনিক সফটওয়্যারের মাধ্যমে প্রকৃত ও বৈধ সনদধারীদের যাচাই-বাছাই করে ডিউটিতে নিয়োজিত করা হচ্ছে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তারুণ্য ও দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে।
জাল সনদ শনাক্ত এবং নিয়োগ বাণিজ্যের মতো অপতৎপরতা রুখতে মাঠ পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
সারাদেশ: নড়াইলে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি