শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। তবে তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এই দিন ঠিক করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি ডিবির দেওয়া অভিযোগপত্রের ওপর মামলার বাদী নারাজি আবেদন করলে আদালত মামলাটি সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এই ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করা হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হয়। মামলার প্রাথমিক তদন্তে ডিবি পুলিশ সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিলো।
ডিবি তাদের তদন্তে উল্লেখ করে, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে মূল আসামী ফয়সাল করিম মাসুদসহ ৫ জন এখনো পলাতক রয়েছেন।
অর্থ-বাণিজ্য: ১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স
আন্তর্জাতিক: আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক: সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার