রমজানে বড় অঙ্কের টাকা পরিবহনে পুলিশের “এস্কর্ট” সেবা
আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের ব্যাপক বৃদ্ধি ঘটে। এই সময়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ এস্কর্ট বা নিরাপত্তা প্রহরা সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রমজান ও ঈদ সামনে রেখে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যাদি স্থানান্তরের ক্ষেত্রে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে এই সেবা নিতে পারবেন।
পুলিশ জানায়, এই সেবা পেতে হলে সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করে আগেই তথ্য দিতে হবে। আগাম তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
ডিএমপির কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬।
নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সব সময় সজাগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থ-বাণিজ্য: ১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স
আন্তর্জাতিক: আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা