image

“জঙ্গি নাটক” সাজিয়ে ৯ তরুণকে “হত্যার” মামলা: শেখ হাসিনাসহ পলাতক ৬ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তির নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুরের কল্যাণপুরে “জাহাজ বাড়িতে” কথিত জঙ্গি আস্তানা সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত সূত্র জানায়, আলোচিত এই মামলায় মোট আসামি আটজন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ছিল। তবে আসামিদের মধ্যে মাত্র দুইজন গ্রেফতার থাকায় বাকি ছয়জন পলাতকের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই আদেশ দেওয়া হয়।

একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

মামলায় পলাতক অন্য আসামিরা হলেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

এর আগে গত ২৯ জানুয়ারি এই আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওই সময়ই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের “জাহাজ বাড়ি” হিসেবে পরিচিত একটি ভবনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট “অপারেশন স্ট্রম-২৬” পরিচালনা করে। ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়, যা পরবর্তীতে পরিকল্পিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়। অভিযোগ রয়েছে, সাধারণ ওই তরুণদের “জঙ্গি সাজিয়ে” পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিলো।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» পুলিশে গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্প্রতি