image

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদলের আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের টপ লেভেলে এই রদবদল শিগগিরই কার্যকর হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রশাসনে গতিশীলতা আনতে কিছু পরিবর্তন অবশ্যই আসবে।

রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদা দাবি ও হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারী যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আসন্ন সংসদ অধিবেশন নিয়ে মন্ত্রী জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং তার অনুমোদনের পরেই অধিবেশন আহ্বান করা হবে। এই অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি প্রথা অনুযায়ী শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদানসহ নিয়মিত সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো এই সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান যে, আপাতত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। সভায় সংসদের কার্যসূচি এবং অর্ডার অব দ্য ডে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» পুলিশে গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্প্রতি