image

চা দোকানি আমির হত্যায় ৫ আসামির যাবজ্জীবন

সংবাদ অনলাইন রিপোর্ট

৪ বছর আগে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে মুদি দোকানি মো. আমির হোসেনকে হত্যার ঘটনায় এক দম্পতিসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. খোরশেদ আলম রোববার,(২২ ফেব্রুয়ারী ২০২৬) এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- কবির হোসেন, তার স্ত্রী মোছাম্মৎ স্বপ্না, ভাই মো. হুমায়ুন, মো. ফালান এবং মো. মিলন ওরফে নূরু।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারী মিলন হোসেন জানান। মামলার বিবরণে জানা যায়, আমির হোসেন ঢাকার পলাশীর মোড়ে চা দোকান চালাতেন। ঘটনার ৭/৮ মাস আগে আসামি স্বপ্নার সঙ্গে শহীদ মিনার এলাকায় আমিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি স্বপ্নাকে মারধর করেন।

ঘটনার প্রতিশোধ নিতে ‘জরুরি কথা আছে’ বলে আমিরকে ২০২২ সালের ২১ জানুয়ারি রাত ১০টার পর অটোরিকশায় করে রায়ের বাজার এলাকায় নিয়ে যান কবিরসহ চারজন। সেখানে স্বপ্না দাঁড়িয়ে ছিলেন। আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমির হোসেনের ওপর আক্রমণ করে। কবির চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। আমিরের চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির। ঘটনার পরদিন নিহতের ভাই মো. জাকির হোসেন মোহাম্মদপুর থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত করে ২০২২ সালের ২০ ডিসেম্বর ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই হোসনে মোবারক। ২০২৩ সালের ৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করে। আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে রায় দিলো।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» পুলিশে গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্প্রতি