image

স্বর্ণ চোরাচালান ও ক্যাসিনোকাণ্ড: দেশ ছাড়তে পারবেন না শিবলী নোমান

সংবাদ অনলাইন রিপোর্ট

স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো কারবার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম শিবলী নোমানের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এ দিন দুদকের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও ক্যাসিনো ব্যবসাসহ নানা দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান বর্তমানে চলমান। দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে, শিবলী নোমান বর্তমানে দেশে অবস্থান করলেও যে কোনো সময় দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা রোধ করা একান্ত প্রয়োজন।

দুদকের এমন যুক্তি আমলে নিয়ে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পুলিশের অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক, যার ধারাবাহিকতায় এবার শিবলী নোমানের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» পুলিশে গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্প্রতি