ফ্যাসিবাদী সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই করা হবে
বাংলাদেশ পুলিশে জনবল সংকট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব দ্রুত ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এরই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীতে নতুন করে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গেও কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই (ভেরিফাই) করা হবে। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যারা লাইসেন্স পেয়েছেন, তাদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব অস্ত্র পাওয়ার উপযুক্ত নন, তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি অবৈধ অস্ত্রগুলো উদ্ধারে অভিযান চলবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে এখনো ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার হওয়া বাকি রয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্র বর্তমানে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ চলছে এবং প্রয়োজনে এ বিষয়ে মামলা করা হবে।
দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপোস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।