image

স্ত্রীসহ র‌্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংবাদ অনলাইন রিপোর্ট

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার,(২৪ ফেব্রুয়ারী ২০২৬) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, হারুন অর রশিদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে রেকর্ডপত্র পর্যালোচনায় হারুন অর রশিদ এবং ফাতেহা পারভীন লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া যায়।

কিন্তু এসব সম্পদের বিপরীতে তাদের সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তারা অস্থাবর সম্পত্তি অন্য জায়গায় হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। তাই তাদের নামে অর্জিত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা প্রয়োজন বলে দুদক আবেদনে জানিয়েছে।

সাবেক ডিআইজি শেখ নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জনের তদন্ত চলমান থাকায় পুলিশের সাবেক ডিআইজি শেখ নাজমুল আলমের (অবসরপ্রাপ্ত) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মনির মিয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ নাজমুল আলমের বিরুদ্ধে দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবদনে জানিয়েছে দুদক।

শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ

পৌনে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্তের মুখে থাকা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক ইসমাইল হোসেন শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ করেছেন।

তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় মামলা দায়ের করে, যা তদন্তাধীন। ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কিনা তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তার ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।’

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি