ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বুধবার দুপুরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অব্যাহতিপত্র জমা দেন।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি ব্যক্তিগত কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। দায়িত্ব পালনের চেয়ে বর্তমানে পরিবারকে সময় দেওয়া এবং ব্যক্তিগত বিষয়গুলো সামলানোই তার কাছে জরুরি হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এই আবেদন করেন। তবে তার এই আবেদন গ্রহণ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি কমিশনার হিসেবে যোগদানের পর থেকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের সেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। সরকারের উচ্চমহল থেকে সবুজ সংকেত পেলে খুব দ্রুতই তার অব্যাহতির বিষয়টি চূড়ান্ত হতে পারে এবং নতুন কাউকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক: ওয়াশিংটনে ছুরিকাঘাতে চারজন নিহত