রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত চলা অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। পুলিশ কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাসে নাগরিকদের নিরাপদে ইবাদত পালন এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদপুর ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসি ইবনে মিজান বলেন, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ বাড়ায় সমন্বিত এ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন পর্যায়ের সন্দেহভাজন অপরাধী রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল ও অভিযান জোরদার থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলেও জানান তিনি।
পুলিশের দাবি, অভিযানের ফলে এলাকায় তাৎক্ষণিকভাবে স্বস্তি ফিরেছে এবং অপরাধী চক্রগুলোকে বার্তা দেওয়া গেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
অপরাধ ও দুর্নীতি: এবার সুলতানের বিরুদ্ধে অভিযোগ, সরাতে ‘চিঠি দিয়েছিলেন’ তাজুল
নগর-মহানগর: ঢাকাকে গিলে ফেলেছে বিষাক্ত বায়ু
অপরাধ ও দুর্নীতি: চাঁদাবাজ–কিশোর গ্যাং দমনে রাতভর অভিযান, আটক শতাধিক
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ