image

বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার, আঙুলের ছাপে পরিচয় শনাক্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের রাস্তা থেকে এক যুবকের শরীর থেকে বিচ্ছিন্ন দুটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি এলাকা থেকে এই হাত দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় উদ্ধার হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত যুবকের নাম ওবায়দুল্লাহ (৩০)। তার বাড়ি নরসিংদী জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তার শরীরের বাকি অংশের সন্ধান এখনো পাওয়া যায়নি।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত দুটি উদ্ধার করে। পরে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে জানা যায় এটি ওবায়দুল্লাহ নামের এক যুবকের।

পুলিশের ধারণা, ওবায়দুল্লাহকে অন্য কোথাও হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ গুম করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন করা হয়েছে। এরই অংশ হিসেবে হাত দুটি গুলিস্তানে ফেলে যাওয়া হতে পারে। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দেহের বাকি অংশ উদ্ধারে ইতিমধ্যে চিরুনি অভিযানে নেমেছে পুলিশ।

পল্টন থানা পুলিশ আরও জানিয়েছে, ওবায়দুল্লাহ কীভাবে নরসিংদী থেকে ঢাকায় এলেন এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি