দেশের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। অতি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযানের কৌশল বা পরিকল্পনা নিরাপত্তার স্বার্থে এখনই প্রকাশ করতে চান না বলে জানান তিনি।
মন্ত্রী জোর দিয়ে বলেন, অপরাধী যেই হোক না কেন, তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে এবং দ্রুতই এর প্রতিফলন দেখা যাবে।
বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দিষ্ট করে কাউকে অভিযুক্ত না করে বরং অপরাধীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিন। ঢালাও কোনো অভিযোগের জবাব দেওয়া কঠিন। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং অপরাধীকে শনাক্ত করা সম্ভব হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, কোনো অপরাধ হওয়ার পর প্রশাসনের ভূমিকা কী, সেটিই এখন বড় বিবেচ্য বিষয়। সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা আন্তরিক ও কঠোর তা ইতোমধ্যে দেশের মানুষ বুঝতে পেরেছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে আদালতে চার্জশিট দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তদন্ত শেষে স্বাধীন বিচার বিভাগ তাদের কাজ করবে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করতে অঙ্গীকারবদ্ধ।
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ
অপরাধ ও দুর্নীতি: সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ: মামলার মুখে শেখ সেলিম