ইকরার মৃত্যুরহস্য, আলভীর বিরুদ্ধে মামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা। শনিবার সকাল। ফেসবুক গ্রুপে শেষবারের মতো সক্রিয় ছিলেন আফরা ইভনাথ খান ইকরা। সময় সকাল ১০টা ৪৬ মিনিট। বন্ধুবান্ধবীদের সঙ্গে কথোপকথনে লিখেছিলেন- নেপাল যাওয়ার কথা। এরপর হঠাৎ নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর- ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে দেখছে। কিন্তু ঘটনার পর থেকেই প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরিবার ও ঘনিষ্ঠদের মনে। ইকরার মা রেবেকা সুলতানা ও পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। তাঁদের অভিযোগ, আলভীর এক সহকর্মী অভিনয়শিল্পীর সঙ্গে কথিত সম্পর্কের জেরেই ইকরা মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি আত্মহত্যায় প্ররোচনা, অবহেলা ও নির্যাতনের অভিযোগ তুলে রোববার (১ মার্চ) পল্লবী থানায় মামলা করেছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় আসামি করা হয়েছে জাহের আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা শিউলিকে।

https://sangbad.net.bd/images/2026/March/01Mar26/news/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%80%E0%A7%A9.jpg

এদিকে, ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম সাফ বলছেন ভিন্ন কথা। তাঁর দাবি, “ইকরা সুইসাইড করার মতো মেয়ে না।” ১১ বছরের বন্ধুত্বের স্মৃতি তুলে ধরে সামিয়া জানান, শনিবার সকাল পর্যন্ত তারা নিয়মিত যোগাযোগে ছিলেন। সেদিন সন্ধ্যায় তাদের বাসায় ইফতারের দাওয়াতও ছিল। হঠাৎ কী এমন ঘটল, যে কয়েক ঘণ্টার ব্যবধানে সব শেষ? ঘটনার সময় ইকরা ও আলভীর শিশু সন্তান রিজিক বাসাতেই ছিল। শোনা গেছে, দুর্ঘটনার মুহূর্তে আলভীর সঙ্গে ফোনে কথা হচ্ছিল ইকরার।

আলভী তখন নেপালে শুটিংয়ে ছিলেন। দেশে ফেরার কথা রোববার। ইতিমধ্যে মামলার এজাহার কপি বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছে পাঠানো হয়েছে, যাতে দেশে ফিরেই তাঁকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা যায়। পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, তদন্ত চলমান, গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়নাতদন্ত শেষে ইকরার মরদেহ নেওয়া হয়েছে ময়মনসিংহের ভালুকায় তাঁর গ্রামের বাড়িতে। বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু সমাহিত হয়নি প্রশ্নগুলো। এটি কি সত্যিই আত্মহত্যা? নাকি দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও সম্পর্কের জটিলতার পরিণতি? নাকি আরও কোনো অজানা দিক রয়েছে ঘটনার আড়ালে?

https://sangbad.net.bd/images/2026/March/01Mar26/news/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%80%E0%A7%A8.jpg

শোবিজ অঙ্গনে এখন গুঞ্জন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ব্যক্তিগত চ্যাট, দাম্পত্য কলহ, কথিত পরকীয়া- সব মিলিয়ে ঘটনাটি রূপ নিয়েছে রহস্যে ঘেরা এক থ্রিলিং বাস্তবতায়। এখন সবার চোখ পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের দিকে। সেখানেই হয়তো মিলবে ইকরার মৃত্যুর প্রকৃত উত্তর।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি