image

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীসহ সারাদেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। চিহ্নিত চাঁদাবাজদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডিএমপি সদর দপ্তরে এই সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দুটি বিশেষ বিষয়ে অনুশাসন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো চাঁদাবাজি বন্ধ করা। বিশেষ করে ঢাকা মহানগরী থেকে এই কার্যক্রম শুরু হবে। যারা বিভিন্ন সেক্টরে চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, কেবল চাঁদাবাজ নয়, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং যাদের নামে আগে থেকেই অপরাধের রেকর্ড বা দাগি আসামি হিসেবে চিহ্নিত, তাদের তালিকাও ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবে এসব অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

যারা জনজীবনে অস্থিরতা তৈরি করছে, তাদের দমনে পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশৃঙ্খলাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে মহানগরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি