মাদকের করাল গ্রাস থেকে জনস্বাস্থ্য ও সমাজকে রক্ষা করতে বৈজ্ঞানিক জ্ঞান এবং পেশাদারিত্বের সমন্বয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস" (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টার।
মাদক ব্যবহার প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ, সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী এবং তরুণ পেশাজীবীরা একাত্মতা ঘোষণা করেন। লোগো উন্মোচনের মাধ্যমে শুরু হওয়া এই যাত্রা বাংলাদেশের মাদকবিরোধী লড়াইয়ে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিদের আলোচনায় উঠে আসে মাদকের ভয়াবহতা মোকাবিলায় মানবিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাহাউদ্দীন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান তাঁদের বক্তব্যে গুরুত্বারোপ করেন, মাদক কেবল একটি অপরাধমূলক সমস্যা নয়, বরং এটি একটি গভীর জনস্বাস্থ্য সংকট। আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের মাধ্যমে এখন থেকে দেশীয় গবেষক ও চিকিৎসকরা বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন, যা মাঠপর্যায়ের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করবে। অনলাইনে যুক্ত হয়ে আইস্যাপের ন্যাশনাল চ্যাপ্টারের কোঅর্ডিনেটর মিস ওলহা মাইশাকিভস্কা এই উদ্যোগকে বৈশ্বিক মাদকবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানের স্বাগত ভাষণে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের মেম্বার সেক্রেটারি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ এই দীর্ঘ সফরের পটভূমি তুলে ধরেন। তিনি জানান, ২০১৫ সালে ব্যাংককে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমেই এই সহযোগিতার বীজ বপন করা হয়েছিলো, যা আজ পূর্ণাঙ্গ রূপ পেল। আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের মূল লক্ষ্য হবে প্রমাণভিত্তিক কার্যক্রমের প্রসার ঘটানো এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেতুবন্ধন তৈরি করা।
ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলির উপস্থাপনায় এই অনুষ্ঠানে ইউএনওডিসি এর প্রতিনিধি থেকে শুরু করে তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা সমস্বরে দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় এই নতুন প্ল্যাটফর্মের সাফল্য কামনা করেন।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা