হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহযোগীসহ গ্রেপ্তার: দাবি ভারতের

সংবাদ অনলাইন রিপোর্ট

আলোচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার মূল আসামী ফয়সাল করিম মাসুদ ও ‘তার অন্যতম সহযোগী’ আলমগীর ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে খবর হয়েছে।

https://sangbad.net.bd/images/2026/March/08Mar26/news/Screenshot%202026-03-08%20185950%20%282%29.png

রোববার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের আটক করার বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদ সংস্থা – এএনআই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্টের পরবর্তী সময়ে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফয়সাল। সে সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিলো, তিনি সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন।

এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিলো। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলো। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বলছে, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ‘ফেরার উদ্দেশ্যে’ বনগাঁয় যায়।

এ বিষয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ। আর রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই হত্যাকান্ডের ঘটনায় মামলাতে ফয়সালকে প্রধান আসামি করা হয়েছিলো। হত্যাকাণ্ডের পর থেকেই তাকে ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিলো।

হত্যাকাণ্ডের শিকার ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তার মৃত্যুকে কেন্দ্র করে সে সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি