আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। একই দিনে ট্রাইব্যুনালে আরও ২ জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে সোমবার (৯ মার্চ) প্রকাশিত পৃথক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
পদত্যাগ ও ২ জনকে নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া নতুন দুই প্রসিকিউটর হলেন মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন।
সাইমুম তালুকদারের পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, "সহকারী অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদাসম্পন্ন মো. সাইমুম রেজা তালুকদারে পদত্যাগ পত্র গ্রহণপূর্বক তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হলো।"
একই দিনে আইন ও বিচার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নিম্নছকে বর্ণিত দুই জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রত্যেকের নামের পাশে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।"
সারাদেশ: সিলেটে ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ১
অপরাধ ও দুর্নীতি: ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, দুজনকে নিয়োগ