image

স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনাই যানজট নিরসনের চাবিকাঠি: আইজিপি

সংবাদ অনলাইন রিপোর্ট

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনাকে পুরোপুরি প্রযুক্তি নির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা কল্পনা করা সম্ভব নয়।

বুধবার সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও টেকসই সমাধান বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ বর্তমানে দ্রুত নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারের ফলে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ করে ঢাকা মহানগরীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিকদের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে ট্রাফিক পুলিশের আচরণের ওপর। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দায়িত্ব পালন করেন, তিনি মূলত রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তাই তাদের পেশাদারত্ব ও নৈতিকতা বজায় রাখা জরুরি।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় ঢাকার ট্রাফিক জটের মূল কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিএমপি কমিশনারের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ঢাকা মহানগরীর বর্তমান ট্রাফিক পরিস্থিতি এবং অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের মতো সমস্যার কথা তুলে ধরা হয়।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস) মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা এবং অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন। তাঁরা ঢাকার নগর ট্রাফিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা জানান, শুধু আইন প্রয়োগ করে যানজট কমানো সম্ভব নয়, এর জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত বাস রুট ব্যবস্থাপনা ও নন-মোটরাইজড যানবাহনের সঠিক নিয়ন্ত্রণ।

কর্মশালায় অংশ নেওয়া পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেবল পুলিশ নয়, বরং নগর পরিকল্পনার সাথে যুক্ত সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু, গণপরিবহন সংস্কার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব। দিনব্যাপী এই কর্মশালায় উঠে আসা বিভিন্ন সুপারিশ ও কর্মপরিকল্পনা আগামীতে ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ারের সমাপনী বক্তব্যের মাধ্যমে এই বিশেষ কর্মশালার সমাপ্তি ঘটে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি