ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ২ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছে।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এ দিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি তা জমা দিতে না পারায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করে।
এর আগে গত ৬ জানুয়ারি ডিবির পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে ডিবির দেওয়া ওই চার্জশিটের ওপর অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতের কাছে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব প্রদান করেন। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে ফিরিয়ে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিসৌধের পাশে দাফন করা হয়। এ ঘটনায় আগে একটি হত্যাচেষ্টা মামলা করা হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।
অর্থ-বাণিজ্য: পেট্রোল পাম্পে নিরাপত্তা চান মালিকরা, দিলেন হুঁশিয়ারি
অপরাধ ও দুর্নীতি: স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনাই যানজট নিরসনের চাবিকাঠি: আইজিপি