প্রথম রক ব্যান্ড
২০২৬ সালের একুশে পদকের জন্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, সাংবাদিক শফিক রেহমানসহ ৯ বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
একুশে পদকের জন্য মনোনীতরা হলেন, চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (প্রয়াত), নৃত্যে অর্থি আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্য তেজস হালদার যস।
এছাড়া সংগীত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রক ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। একুশে পদকের ইতিহাসে এই প্রথম কোনো রক ব্যান্ড জাতীয় পর্যায়ের এই সম্মাননার জন্য বিবেচিত হলো। নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের রক সংগীতকে মূলধারায় পরিচিত করার ক্ষেত্রে ওয়ারফেজের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে ১৯৭৬ সাল থেকে ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পদক প্রদান করা হচ্ছে। প্রতি বছর মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।