image

অমর একুশে বইমেলা

সংশয় যেন কাটছেই না: আবারও নতুন তারিখ

সংবাদ অনলাইন রিপোর্ট

অমর একুশে গ্রন্থমেলা নিয়ে সংশয় যেন কাটছেই না। আবারও পরিবর্তন করা হয়েছে মেলা শুরুর তারিখ। এর আগে, শুরু থেকেই বিভিন্ন অজুহাতে বারবার পরিবর্তন করা হয়েছে মেলার তারিখ। এতে প্রকাশকদের এক অংশ মেলা বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিলো। যদিও পরে তা পরিবর্তন হয়। ২৫ ফেব্রুয়ারি বইমেলা নতুন তারিখ ঘোষণার পর, শেষ মুহূর্তে আবারও এলো নতুন আরও একটি তারিখ। শেষ অবধি মেলা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে পাঠকদের মনেও দেখা দিয়ে নানা সংশয়।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘোষণা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

মেলা সংশ্লিষ্টরা বলছেন, ২৫ ফেব্রুয়ারি পিলখানার ‘বিডিআর বিদ্রোহের’ বর্ষপূর্তি হওয়ায় একদিন পিছিয়ে বইমেলা ২৬ ফেব্রুয়ারি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তেই একদিন পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

এদিকে, নতুন এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকছে না। প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকদের সঙ্গে আলোচনা করে প্যাভিলিয়ন ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতার অভিযোগ তুলে তিন শতাধিক প্রকাশনা সংস্থার প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ মেলায় অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায়। তারা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেয়। এ পরিস্থিতিতে রোববার রাতে জরুরি বৈঠকে বসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বৈঠকে উপস্থিত ছিলেন একাডেমি কর্তৃপক্ষ ও প্রকাশকদের প্রতিনিধিরা।

বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর সহায়তায় প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।

এদিকে, স্টল বিন্যাসের লটারি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণকাজ শুরু হবে।

এর আগে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমে ডিসেম্বর মাসে (২০২৫) বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিলো। নির্বাচনের কারণে মেলা প্রথমে ২০ তারিখ করা হয়। পরবর্তীতে সিদ্ধান্ত হয় অমর একুশে বই মেলা ২১ শে ফেব্রুয়ারিতে শুরু হবে। পরে ২১ শে ফেব্রুয়ারি তারিখ পরিবর্তন করে ২৫ তারিখ মেলা উদ্বোধনের সিদ্ধান্ত নেয় হয়। কিন্তু আবারও মেলা শুরুর তারিখ পরিবর্তন কওে এলো নতুন ঘোষণা।

এদিকে, রোজার মধ্যে মেলার আয়োজন করায় বই বিক্রি নিয়ে সংশয়ে রয়েছেন অনেক প্রকাশক। শুরু থেকেই প্রকাশকদের বড় একটি অংশ দাবি জানিয়ে আসছিলেন, ঈদের পর বইমেলার আয়োজনের। পাশাপাশি স্টল ভাড়া বাদ দেয়ার বিষয়টিও বলছিলেন তারা। পরবর্তীতে স্টল ভাড়া বাদ দেয়া হলেও, ঈদের আগে বইমেলা আয়োজনের বিষয়ে এখ পর্যন্ত অনড় বাংলা একাডেমী।

‘সংস্কৃতি’ : আরও খবর

সম্প্রতি