উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অনেক বার তারিখ পরিবর্তন, প্রকাশকদের নানা দ্বিধাদ্বন্দ্ব আর অনীহার মধ্য দিয়েই অবশেষে অমর একুশে বইমেলার দুয়ার খুলছে। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদ্বোধন হবে অমর একুশে বইমেলা ২০২৬।
প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা দুইটায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন তিনি। উদ্বোধনের পরই মেলার দুয়ার সবার জন্য উন্মুক্ত হবে। মেলা একটানা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। তবে ছুটির দিনে বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা আয়োজন হলেও এ বছর নির্বাচনের কারণে কয়েক দফায় পিছিয়ে আজ শুরু হচ্ছে। তবে করোনা মহামারির কারণে গেল ২০২১ ও ২০২২ সালে বইমেলা আয়োজন করতে পারেনি বাংলা একাডেমি।
মেলায় অংশগ্রহণ করা নিয়ে প্রথম থেকেই দ্বিধায় ছিলেন প্রকাশকেরা। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে তারা ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় বার বার মেলা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন। তবে শেষ মুহূর্তে স্টলভাড়া শতভাগ মওকুফসহ তিনটি দাবি আয়োজকরা মেনে নেওয়ায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
এবারের বইমেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনা স্টল করেছে। মোট ইউনিট থাকবে ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানে লিটল ম্যাগাজিন চত্বর থাকছে। এবার পলিথিন ও ধূমপানমুক্ত, পরিবেশ-সুরক্ষা সচেতন ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’য় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক বাংলা একাডেমি।
‘শিশুপ্রহর’
বইমেলায় শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট থাকবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে। প্রতিদিন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত মূল মঞ্চে সেমিনার ও বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থাও থাকবে।
বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এলাকাজুড়ে পর্যাপ্ত ক্লোজড সার্কিট ক্যামেরা থাকছে।সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
নগর-মহানগর: ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য
অপরাধ ও দুর্নীতি: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম
সংস্কৃতি: অমর একুশে বইমেলা অবশেষে শুরু আজ
অপরাধ ও দুর্নীতি: এবার সুলতানের বিরুদ্ধে অভিযোগ, সরাতে ‘চিঠি দিয়েছিলেন’ তাজুল
নগর-মহানগর: ঢাকাকে গিলে ফেলেছে বিষাক্ত বায়ু
অপরাধ ও দুর্নীতি: চাঁদাবাজ–কিশোর গ্যাং দমনে রাতভর অভিযান, আটক শতাধিক