এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন এবং ফেল থেকে পাস করেছে ৩০৮ জন।
রোববার, (১৬ নভেম্বর ২০২৫) সকালে এ ফল প্রকাশ করা হয়। এবার ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেছিল ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে দুই হাজার ৩৩১ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে দুই হাজার ৩৭৩ জনের।
আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। ১১টি শিক্ষাবোর্ডে মোট দুই লাখ ২৬ হাজার শিক্ষার্থী চার লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।
এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে সাত লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছে পাঁচ লাখ আট হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।
আন্তর্জাতিক: সুদানে ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন নিহত