এমপিও বকেয়া বিল ৪ ফেব্রুয়ারির মধ্যে সাবমিট করার নির্দেশ মাউশির

সংবাদ অনলাইন রিপোর্ট

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষকদের তথ্য ভুলের কারণে বকেয়া বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু করেছে মাউশি। এতে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত এমপিও বকেয়া বিল আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে এ তথ্য জানা যায়।

ইএফটির মাধ্যমে এমপিও অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা পাঠানো না হলে বা অতিরিক্ত টাকা দেয়া হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে মাউশির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, মাউশি অধিদপ্তরাধীন এমপিও শিক্ষক-কর্মচারীদের ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের বকেয়া এমপিও অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পরিশোধের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু করা হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ের এমপিও অর্থ ইতোমধ্যে ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। তবে আইবাস ডাবল প্লাস সিস্টেমে তথ্য যাচাইয়ের সময় যেসব শিক্ষক-কর্মচারীর এনআইডি বা ব্যাংকসংক্রান্ত তথ্য ইনভ্যালিড (ওহাধষরফ) হওয়ায় বেতন স্থগিত ছিল এবং পরবর্তীতে তথ্য সংশোধনের মাধ্যমে বেতন সচল হয়েছে, তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে।

আর যেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নির্দিষ্ট মাসের এমপিও বিল বা উৎসব ভাতা বকেয়া রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বকেয়া মাসগুলোর বিল আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের বকেয়া এমপিও অর্থ ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে মাউশি জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ইএফটি সিস্টেম চালুর পর ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে যদি কোনো শিক্ষক-কর্মচারী ভুল তথ্যজনিত কারণে সৃষ্ট বকেয়া অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে গ্রহণ করে থাকেন, তবে বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন নির্বাচন করতে হবে।

প্রতিটি বকেয়া পাওয়ার যোগ্য শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন-বন্ধের প্রয়োজন হলে তা বির সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি