পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই ছুটি শেষ হবে আগামী ২৯ মার্চ।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করা হয়েছে। এতে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে এই বিরতি আরও দীর্ঘ হবে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ কার্যক্রমও শুরু হবে ২৯ মার্চ থেকে।
প্রসঙ্গত, সৌদি আরবে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হয়েছে রোজা। এদিকে, আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সেখানেই পবিত্র রমজান মসে কবে থেকে শুরু তা জানা যাবে।