image

দুর্নীতিমুক্ত প্রশাসন ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম দূর করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় এক হুশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি স্পষ্ট করে জানান, রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

শুক্রবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তি‌নি এমন হুশিয়ারি উচ্চারণ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, রাতে রাস্তায় কোনো কিশোরকে অপ্রয়োজনে ঘুরতে দেখলে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে।

এ নিয়ে কোনো ধরনের সাংবিধানিক বিতর্কের প্রশ্ন উঠলে তা সরকার পরে বিবেচনা করবে বলে মন্তব্য করেন তিনি, তবে জননিরাপত্তার স্বার্থে এই কঠোর অবস্থানে অটল থাকার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।

​প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে ড. মিলন কর্মকর্তাদের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ও আপসহীন এক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজে কখনো দুর্নীতি করবেন না এবং তাঁর এলাকায় কাউকে দুর্নীতি করার সুযোগও দেবেন না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা তাঁর এই "জিরো টলারেন্স" নীতির সঙ্গে তাল মেলাতে পারবেন না, তারা যেন দয়া করে স্বেচ্ছায় অন্যত্র বদলি হয়ে চলে যান। অন্যথায় তিনি নিজেই এমন কর্মকর্তাদের ভালো জায়গা দেখে বদলির ব্যবস্থা করবেন বলে জানান।

কচুয়া এলাকাকে প্রশাসনিকভাবে সম্পূর্ণ পবিত্র ও দুর্নীতিমুক্ত রাখার যে অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বলে কর্মকর্তাদের সতর্ক করে দেন।

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান এবং কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি