image

জানা‌লেন পরিকল্পনার কথা

আধিপত্য ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশের অঙ্গীকার ববি হাজ্জাজের

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতির অবসান ঘটাতে নতুন সরকারের কঠোর অবস্থানের কথা জা‌নি‌য়ে‌ছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ।

নিজের নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রতিমন্ত্রী তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান।

সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার পর নিরাপত্তা শূন্যতা পূরণে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অপরাধ দমনে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ৫৫০টি আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং ২০টি নতুন পুলিশ বক্স তৈরির পাশাপাশি টহল গাড়ির সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধমুক্ত একটি বাসযোগ্য এলাকা উপহার দেওয়াই তাঁর প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেন নবনিযুক্ত এই প্রতিমন্ত্রী।

রোববার রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মীদের দেখতে গিয়ে তি‌নি এ সব কথা জানান।

তিনি স্পষ্ট জানান, বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে কোনো প্রকার অনৈতিক সুবিধা বা চাঁদাবাজির সুযোগ দেবে না। বিশেষ করে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ দমনে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।

​হাসপাতাল পরিদর্শনের সময় ববি হাজ্জাজ গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের দিনের এক গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, নির্বাচনের দিন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে হামলার নির্দেশ দিয়েছিলেন। এই হামলায় ববি হাজ্জাজের শতাধিক কর্মী আহত হয়েছেন এবং অনেকেই এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে চালানো এই হামলাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না এবং প্রত্যেকটি ঘটনার বিপরীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি