image

অপশক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ধর্মমন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও ইসলামি মূল্যবোধ সংরক্ষণের পথে নানামুখী বাধা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ধর্মমন্ত্রী গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ কাঠামোর ওপর দাঁড় করানোর চেষ্টা করছেন, ঠিক তখনই কিছু "ইসলামবিদ্বেষী অপশক্তি" তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি উপস্থিত আলেম-ওলামা ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের সাফল্যের জন্য যেন সবাই বিশেষ নফল নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

​অনুষ্ঠানে মন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইসলামি মূল্যবোধের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, সংবিধানে "বিসমিল্লাহির রহমানির রহিম" সংযোজন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ঘোষণা ছিল এ দেশের গণমানুষের হৃদয়ের প্রতিফলন।

নিজেকে জনগণের "কামলা" বা সেবক হিসেবে পরিচয় দিয়ে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদেরকে মন্ত্রী হিসেবে কোনো বাহাদুরি দেখানোর জন্য নয়, বরং জনগণের খাস খাদেম হিসেবে নিয়োগ দিয়েছেন।

দেশের কওমি মাদরাসাগুলোকে আরও সুসংগঠিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, পবিত্র কোরআনের আলো সারা দেশে ছড়িয়ে দিতে পারলে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।

​দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে ধর্মমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশিষ্ট ক্বারি ও উলামায়ে কেরাম ছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি