image

সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকেই এই ছুটি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে। ইউজিসি এই নির্দেশনা দেশের সব বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার পর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে ছুটির নোটিশ জারি করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্য অর্জনে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটির শেষ দিন পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

ইউজিসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর সেটি দেশের ১৭২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী ইউজিসি সরাসরি ছুটির ঘোষণা দিতে পারে না, তাই প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে নিজস্ব নোটিশ জারি করতে হবে। বর্তমানে দেশে ৫৬টি সরকারি এবং ১১৬টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে অধিকাংশতেই এই ছুটি কার্যকর হবে।

ছুটিকালীন সময়ে এবং পরবর্তীতে বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিনের বেলায় বৈদ্যুতিক বাতির পরিবর্তে প্রাকৃতিক আলোর ব্যবহার নিশ্চিত করা, অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসির ব্যবহার পরিহার করা এবং এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা।

এ ছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর ও সিঁড়িতে বাতির ব্যবহার কমানো এবং বিশ্ববিদ্যালয়ের যানবাহন ব্যবহারের ক্ষেত্রেও মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলাতেই সরকার এই আগাম ছুটির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি