দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ প্রতীক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এবার পবিত্র ঈদুল ফিতরের আগেই উৎসবভাতা বা ঈদ বোনাস পেতে যাচ্ছেন তারা।
সাধারণত প্রতি বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বোনাস পেতে ঈদের পর পর্যন্ত অপেক্ষা করতে হলেও, এবার বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে ঈদের আগেই এই অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবটিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বর্তমানে এটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হওয়ার পর আগামী রোববার অর্থাৎ ১৫ মার্চের মধ্যেই শিক্ষকরা তাদের নিজ নিজ অ্যাকাউন্টে বোনাসের টাকা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
এ বছর মোট ৩ লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক ও কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ ছাড়ের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাজ দ্রুতগতিতে চলছে। বৃহস্পতিবারের মধ্যে ব্যাংকিং প্রক্রিয়া শেষ হলে রোববারের মধ্যে সবার হাতে টাকা পৌঁছে যাবে। এর ফলে বরাবরের মতো এবার আর ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার বা বিলম্বে অর্থ পাওয়ার শঙ্কা থাকছে না শিক্ষক মহলে।
উল্লেখ্য, অতীতে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের মূল বেতনের মাত্র ২৫ শতাংশ বোনাস হিসেবে পেতেন। দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে গত বছর থেকে শিক্ষকদের এই উৎসবভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করা হয়েছে।
অন্যদিকে কর্মচারীরা আগে থেকেই তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পেয়ে আসছেন। বর্তমানে সারা দেশে প্রায় ৩৮ হাজার বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কয়েক লাখ শিক্ষক-কর্মচারী এই সরকারি অনুদান বা এমপিও সুবিধার আওতায় রয়েছেন। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তে শিক্ষক সমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অর্থ-বাণিজ্য: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
অর্থ-বাণিজ্য: আর্থিক হিসাব চলবে পুরোপুরি ডিজিটাল কেওয়াইসি দিয়ে
অর্থ-বাণিজ্য: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, ধারে-কাছে কেউ নেই
অর্থ-বাণিজ্য: ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের
অর্থ-বাণিজ্য: সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা