মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
ইরানসহ মধ্যপ্রাচ্যে বিদ্যমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে প্রবাসীদের জানমালের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে বিশেষ খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ইরান ও পার্শ্ববর্তী দেশগুলোতে চলমান সংকটের প্রভাব প্রবাসীদের ওপর যেন না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট বাতিল হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়মিত তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে।
একই দিন প্রধানমন্ত্রী সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। সেখানে ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় বিশেষ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে রাজধানী ঢাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় অন্তত এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সার্বিক পরিস্থিতি অবহিত করেন। প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল বিষয়ে সজাগ থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন।
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ