image

পাকিস্তানের ১২ শহরে অতর্কিত হামলা, নিহত প্রায় শত

সংবাদ অনলাইন রিপোর্ট

পাকিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলায় অন্তত ৯২জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) এক বিবৃতির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।

জানা যায়, নিহতের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্য রয়েছেন।

বিবৃতিতে বিএলএ দাবি করেছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে ‘অপারেশন হেরোফ ফেজ টু’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলেছে, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে ১২টি স্থানে হামলা চালিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলছে। এতে বলা হয়, এই অভিযানে আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

আরেকটি নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডন বলেছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশটির হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন।

প্রদেশের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও গণমাধ্যমবিষয়ক বিশেষ সহকারী রিন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, গত দুই দিনে প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরপরই এসব হামলা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, হামলার পর কুয়েটা, সিবি ও চামানে মোবাইল ফোন সেবা চালু থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি সম্পদের ক্ষতি এবং নাগরিকদের মাঝে আতঙ্ক সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এক্সে তিনি লেখেন, এই সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না। জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি